বন্দরে প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীকে সর্বস্বান্ত করার অভিযোগ
নারায়ণগঞ্জ বন্দরে প্রেমের ফাঁদে ফেলে প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত নারীর নাম নাহার সুলতানা ঝুমুর। বর্তমানে তিনি বন্দর বাজার সংলগ্ন 'তারেক সাহেবের ইটালি বিল্ডিং'-এর ৪র্থ তলায় ভাড়া থাকেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা এই নারী দীর্ঘ এক বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন উপায়ে প্রবাসীদের টার্গেট করেন। এরপর প্রেমের সম্পর্ক গড়ে তুলে নিজের পারিবারিক ও ব্যক্তিগত নানা সমস্যার কথা বলে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ভুক্তভোগী জানান, ঝুমুর তার সাথে দীর্ঘ সময় ধরে প্রেমের অভিনয় করেছেন এবং তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এখন ওই প্রবাসী সম্পর্ক রাখতে না চাইলেও ঝুমুর তাকে নানাভাবে নাজেহাল ও হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে 'ইটালি বিল্ডিং'-এর মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই নারীর বিষয়ে এলাকায় অনেক আগে থেকেই বিভিন্ন অপকর্মের অভিযোগ আসছে। একাধিকবার বিচার-সালিশও হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি ওই নারীকে দ্রুত বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, ঝুমুর ওই বাসায় তার মা-বাবা এবং এক সন্তানকে নিয়ে বসবাস করেন। এলাকাবাসীর অভিযোগ, পুরো বিষয়টি অনেকটা সংঘবদ্ধভাবে পরিচালিত হয়, যেখানে পরিবারের সদস্যরাও ছায়া দিয়ে থাকেন।
এই ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রবাসীদের এবং সাধারণ মানুষকে এই ধরণের 'প্রেমের ফাঁদ' থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন