হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস
গতকাল ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা আহত হয়েছেন।
উক্ত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, হবিগঞ্জে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা, সাংবাদিকদের মারধর, গাড়িবহরে ভাঙচুর এবং মোবাইল ফোন, ক্যামেরাসহ প্রয়োজনীয় সরঞ্জাম লুটের ঘটনা শুধু একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়; এটি দেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপর প্রকাশ্য আঘাত। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ঘটনায় সরকারি দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
আমরা উক্ত হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রাজনৈতিক মত প্রকাশে সরকার বিরোধী দলকেও সংবিধান সম্মত অধিকার দিতে প্রশাসন বাধ্য। আমরা দেশে নতুনভাবে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দিব না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তি নতুন বাংলাদেশে জনগণ তা আর দেখতে চায় না।
আপনার মতামত লিখুন